Showing posts with label হাজীগঞ্জ. Show all posts
Showing posts with label হাজীগঞ্জ. Show all posts

Friday, July 30, 2021

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

চাঁদপুরে ট্রাকের নিচে মোটরসাইকেলচালক, লাশ টেনে নিয়ে গেল ৫ কিলোমিটার

road accident

চাঁদপুরে বৃহস্পতিবার ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। তাঁর লাশ প্রায় পাঁচ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রাক। বিষয়টি খেয়াল করে এলাকাবাসী ট্রাকটির গতি রোধ করেন। আটক করেন ট্রাকচালককে।

নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন মিজি (৫০)। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে গাছের গুঁড়িবোঝাই ট্রাকটি (যশোর-ট ১১-৪৩৮০) চাঁদপুর হয়ে কুমিল্লার নাঙ্গলকোটের দিকে যাচ্ছিল। বিশালাকৃতির ট্রাকটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ধরে এগোচ্ছিল। বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে সেটি চাঁদপুরের চানখার বাজার এলাকায় পৌঁছায়। ফাঁকা সড়কে ট্রাকটি চাঁদপুরগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেল ও এর চালক নাসির উদ্দিন ট্রাকের নিচে আটকা পড়েন। 

এ অবস্থায় কিছু দূর যাওয়ার পর ট্রাকের নিচ থেকে মোটরসাইকেলটি পড়ে যায়। কিন্তু চালক নাসির উদ্দিনের মৃতদেহ ট্রাকের নিচেই আটকা ছিল। বিষয়টি খেয়াল করেন ঘোষেরহাট এলাকার সিএনজিচালিত অটোরিকশার কয়েকজন চালক। তাঁরা বিষয়টি মহামায়া বাজারের একজনকে ফোনে জানান। সড়ক দুর্ঘটনার স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরের ওই বাজারের লোকজন ট্রাকটির গতি রোধ করেন। তাঁরা ট্রাকচালককে আটক করতে পারলেও তাঁর সহযোগী পালিয়ে যান। ট্রাকচালকের নাম গোলাম মোস্তফা ডাবলু। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বাসিন্দা।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ট্রাক জব্দ করে থানায় এনেছে। ট্রাকচালককে আটক করে আপাতত থানায় রাখা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Sunday, July 25, 2021

হাজীগঞ্জে মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর

হাজীগঞ্জে মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর

মাস্ক না পরায় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা - সাপ্তাহিক চাঁদপুর 




হাজীগঞ্জে মাস্ক না পরায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। উপজেলা প্রশাসনের পক্ষে শনিবার ও শুক্রবার দিনব্যাপী হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ২৬ জনকে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জনস্বার্থে হাজীগঞ্জ বাজারসহ আশ-পাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় মাস্ক না পরায় ২৬ মামলায় ২৬ জনকে পৃথক পৃথকভাবে মোট ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন। এর মধ্যে শনিবার ১৬ মামলায় ১৬ জনকে মোট ২ হাজার ২৫০ টাকা ও শুক্রবার ১০ মামলায় ১০ জনকে মোট ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কহীন লোকদের বিনামূল্যে মাস্ক দেয়া হয়। এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইলশেপাড়

Saturday, July 10, 2021

প্রেমের টানে ঘরছাড়া চাঁদপুরের কিশোরী কুড়িগ্রামে উদ্ধার

প্রেমের টানে ঘরছাড়া চাঁদপুরের কিশোরী কুড়িগ্রামে উদ্ধার

 

প্রেমের টানে চাঁদপুর থেকে এক যুবকের হাত ধরে নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী কিশোরীকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়া ওই কিশোরীর বাড়ি চাঁদপুর সদরের ফরিদগঞ্জ থানায়।


পুলিশ জানায়, গত ১৭ জুন প্রেমের টানে চাঁদপুর সদরের ফরিদগঞ্জ থানার এক কিশোরী একই এলাকার সাহিদুর রহমান শান্তর (২২) সঙ্গে নিখোঁজ হয়। এ ঘটানয় ওই কিশোরীর পরিবার ১ জুলাই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।


পরবর্তীতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন নিখোঁজ কিশোরী কুড়িগ্রামে অবস্থান করছে মর্মে কুড়িগ্রাম সদর থানায় একটি অনুসন্ধান স্লিপ প্রেরণ করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে স্লিপের নিখোঁজ হওয়া কিশোরী নাগেশ্বরী উপজেলার ৩ নম্বর রামনডাঙ্গা ইউনিয়নের বড়মনি পানাতিটারি চর এলাকায় অবস্থান করছে। পরে বিষয়টির সত্যতা যাচাই ও কিশোরীকে উদ্ধারের জন্য ৭ জুলাই দুপুরে পুলিশের একটি দল নাগেশ্বরী উপজেলায় রওনা হয়। তারপর সোর্সের মাধ্যমে নিখোঁজ কিশোরীর অবস্থান নির্ণয় করে ওই যুবকের আত্মীয়ের বাড়ি থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) ভোরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া ওই যুবককে আটক করে কুড়িগ্রাম সদর থানা হেফাজতে রাখা হয়।


পরে ওই দিনই চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের মাধ্যমে নিখোঁজ কিশোরীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয় এবং আটক যুবককে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, চাঁদপুর সদর থানা পুলিশের দেয়া স্লিপ অনুযায়ী ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ কিশোরীর অবস্থান জানতে পেরে প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে নাগেশ্বরী উপজেলার একটি চর এলাকা থেকে তাকে উদ্ধার ও এক যুবককে আটক করতে সক্ষম হয় কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল। পরে তাদেরকে থানায় এনে কিশোরীকে চাঁদপুর সদর থানা পুলিশের মাধ্যমে তার অভিভাবকের কাছে হস্তান্তর ও যুবককে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জাগো নিউজ 


Tuesday, June 22, 2021

হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পুলিশের সাথে আসামী


হাজীগঞ্জে ৩৮৬ পিচ ইয়াবাসহ আল আমিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গত ২১ জুন সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে মাদকসহ তাকে আটক হয়। সে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের খালেক মেম্বারের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সোয়া ৪টার দিকে আল আমিনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় আল আমিনের কাছে ৩৮৬ পিচ ইয়াবা পাওয়া যায়। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৩ জুন মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।

[চাঁদপুর নিউজ]

 

Friday, June 18, 2021

হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যুতে হত্যা মামলা

হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যুতে হত্যা মামলা

হাজীগঞ্জে রুবি আক্তার (২৫) নামের ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুতে নিহতের মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় স্বামীসহ স্বামীর পরিবারের লোকজনের মারধরের কারণে রুবির মৃত্যু হয় বলে নিহতের বাবার পরিবার দাবি করেছে। তবে নিহতের স্বামীর পরিবার দাবি করেছে, রুবি বিষপান করেছে। তিনি উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার গ্রামের বকাউল বাড়ির মানিক বকাউলের স্ত্রী ও মতলব দক্ষিণ উপজেলার বাঁকড়া গ্রামের সেলিম বকাউলের মেয়ে। রুবি ও মানিক বকাউল দম্পতির রবিন নামের ৬ বছর বয়সের একটি ছেলে রয়েছে।

রুবি আক্তার


রুবির ভাই শাহাদাত ও তার চাচা জসিম বকাউল জানান, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মধ্যে মানিক বকাউল প্রবাসে চলে যান। তারপর থেকেই তার শাশুড়িসহ অন্যরা পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে রুবিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো শুরু করে। এসব নিয়ে তাদের মধ্যে প্রায় মনোমালিন্য হতো। সমপ্রতি মানিক দেশে আসলে এসব বিষয় নিয়ে রুবি তার স্বামী মানিককে সব জানায়। এতে মানিক ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে মারধর করেন। এতে করে রুবি রাগ করে বাবার বাড়ি চলে যায়। পরে তার বাবা-মা বুঝিয়ে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়ার কয়েকদিন পর গত বুধবার বিকেল ঘটে মর্মান্তিক ঘটনা।

 

রুবির ভাই আরও জানান, রুবির শ্বশুর বাড়ির লোকজন বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমাদের বাড়িতে মোবাইল ফোনে জানায়, রুবি বিষপান করেছে। এরপর আমরা ওই বাড়িতে গিয়ে বোনকে উদ্ধার করে প্রথমে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।


রুবি ৩ মাসের অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ  জানান, এ বিষয়ে নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে নিহতের বাবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।